আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে চিংড়ির গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশের চিংড়ি খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক চাষপদ্ধতি, চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ করা জরুরি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে ‘বিল্ডিং আ রেজিলিয়েন্ট অ্যান্ড ইনক্লুসিভ শ্রিম্প সাপ্লাই চেইন’ শীর্ষক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মন্টেরে বে অ্যাকোয়ারিয়াম এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান টোটালফুড প্রসেসিং যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, টেকসই মৎস্যচাষের প্রসার, উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, জলজ প্রতিবেশব্যবস্থার সুরক্ষা এবং চাষিদের সহায়তায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে। চিংড়ি খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত পুরো মূল্যশৃঙ্খল আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকায় চিংড়ি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের সঙ্গে যুক্ত হাজারো চাষি ও শ্রমিকের কর্মসংস্থান এবং জীবন-জীবিকা রক্ষায় টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ৪৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের সামুদ্রিক খাদ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে ৩০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি চিংড়ি রপ্তানি উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে ভূমিকা রাখছে।