চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে মো. ইসমাইল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ডলু রাবার বাগান এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এ সময় তাঁকে সহযোগিতা করেন উপজেলা আনসার সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়-টিলা সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।