সত্যরেখা ডেস্ক:
স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের ভিত্তি হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, জনগণের হাতে স্থানীয় সরকারব্যবস্থা ফিরিয়ে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনে নগর ও পল্লী অঞ্চলে সমবায় সমিতির মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের কৌশল নির্ধারণবিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সৌরশক্তি ব্যবহারে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল যাতে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের অর্থনৈতিক অবস্থা, বিরোধী দলের কর্মকাণ্ড এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, যার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবেন। বিরোধী দলের শাটডাউন কর্মসূচির আহ্বান সত্ত্বেও গত পাঁচ দিনে দেশে ৭ হাজার ৭৭৬ কোটি টাকার রেমিট্যান্স এসেছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও দাবি করেন, গত সাত মাসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১ বিলিয়ন ডলার বেড়ে ৩৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে মোট ঋণের চাপ ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমেছে।
জাতীয় সংসদ ও রাজপথে বিরোধী দলের বক্তব্যে অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন মীর শাহে আলম। তিনি অভিযোগ করেন, জাতিসংঘের অধিবেশনে সরকারের অর্জন আড়াল করার উদ্দেশ্যে রাড্ডা ও নিউগিনি প্রকল্পে ভাঙচুর চালিয়ে সেসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সৌরশক্তি থেকে উৎপাদিত ১ হাজার ৮৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের মতো দেশ সৌরশক্তি থেকে ৩২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বলে উল্লেখ করেন তিনি।
মীর শাহে আলম আরও বলেন, বাসাবাড়িতে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সরকার কিনে নেবে। এ উদ্যোগ কার্যকর করতে সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।