সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজিচালকের নাম মোন্নাফ হোসেন (৩৫)। তিনি উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতী মহল্লার আবু তাহেরের ছেলে। নিহত অপর ব্যক্তি ওই সিএনজির যাত্রী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আসাদুজ্জামান জানান, সিএনজিচালক একজন যাত্রী নিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নবগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি বাস বা ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিচালক ও যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লাপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, নিহত যাত্রীর পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়িটি শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।