মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা? ১০ মাসে ৮ কোটি ২৩ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার ৫৩ বিজিবির বরিশালে লিঙ্গবৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের অ্যাডভোকেসি সভা ফটিকছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ৬০ শতক জমির ধান ধামাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সাবেক সভাপতি কাজী মুদ্দীন কাজী নলডাঙ্গায় আগুনে পুড়ল চার পরিবারের বসতঘর, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে তাড়াইলে সারওয়ার হোসেন লিটনের শোডাউন চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ, চালক আটক প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ঢাকায় গ্রেপ্তার নওগাঁর ইউপি চেয়ারম্যান চাঁপাইনবাবগঞ্জে ৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফটিকছড়িতে সহিংসতার ধারাবাহিকতা, গুলির ঘটনায় বাড়ছে আতঙ্ক; নেপথ্যে কারা?

নুরুল আবছার নূরী, ফটিকছড়ি প্রতিনিধি: / ২০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে থামছে না সহিংসতা। কয়েক দিনের ব্যবধানে একের পর এক গুলিবর্ষণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা এখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার ও ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—ফটিকছড়িতে কি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে অপরাধী চক্র?

 

স্থানীয়দের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে অবৈধ অস্ত্রের উৎস, হামলাকারীদের পরিচয় এবং সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে একই গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না। পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

সর্বশেষ গত সোমবার (২৩ নভেম্বর) রাতে নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুয়াবিল চুরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে দুর্বৃত্তদের গুলিবর্ষণে ছয়জন আহত হন। এ ঘটনার পর রায়হান নামে এক ব্যক্তিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার অবস্থান শনাক্ত করতে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

 

ঘটনার পরপরই চুরখারহাট বাজার পরিদর্শনে যান হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ। সেখানে মাইকে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘রায়হানকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’ একাধিকবার দেওয়া তার এ বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রায়হানসহ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। তবে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২০ নভেম্বর শুক্রবার নানুপুর ইউনিয়নের নানুপুর বাজারে জুমার নামাজের সময় যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম এতে নেতৃত্ব দেন বলে জানা গেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

 

পরদিন ২১ নভেম্বর শনিবার বিকেলে এর প্রতিবাদে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি কিপাইতনগরের শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ সময় ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

 

তবে এ ঘটনার সূত্রপাত নিয়ে রয়েছে ভিন্ন বক্তব্য। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বিএনপির নেতা-কর্মীরা যুবলীগ নেতা নুরুল করিমকে ধরতে তার এলাকায় গেলে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে পাল্টা মিছিল নিয়ে ওই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, এসআরবি ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিরাপত্তা জোরদারে এলাকায় দুটি পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং যানবাহন ও চলাচলকারীদের পরিচয় যাচাই শুরু হয়।

 

এর মধ্যেই আত্মগোপনে থাকা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর পরদিন ২২ নভেম্বর সন্ধ্যায় কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারের পূর্ব পাশে নিজের ফার্নিচারের দোকানে থাকা ব্যবসায়ী আবছার চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন।

 

এ ঘটনার এক দিন পর ২৩ নভেম্বর মশাল মিছিল ও নাশকতার অভিযোগে ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। মামলায় নিষিদ্ধঘোষিত স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

 

একই দিন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চুরখারহাট বাজারে ঘটে আরও একটি গুলিবর্ষণের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বোরকা পরিহিত চার থেকে পাঁচজন ব্যক্তি শোভনছড়ির দিক থেকে অটোরিকশায় এসে বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পরে চৌমুহনীর দিকে গিয়ে আবারও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান তারা।

 

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয়রা। তার দাবি, পাঁচজন অপরিচিত ব্যক্তি অস্ত্রের মুখে জিম্মি করে তাকে অটোরিকশা চালাতে বাধ্য করেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অটোরিকশা ও চালককে হেফাজতে নেওয়া হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

 

একের পর এক সহিংসতার ঘটনায় ফটিকছড়ির স্বাভাবিক জনজীবনেও প্রভাব পড়ছে। বিশেষ করে বাজারকেন্দ্রিক ব্যবসায়ী, সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। রাজনৈতিক বিরোধের বাইরে কোনো সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী এসব ঘটনার সুযোগ নিচ্ছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

 

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা না করে সাম্প্রতিক সব হামলা ও গুলিবর্ষণের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। অবৈধ অস্ত্রের উৎস অনুসন্ধান, হামলাকারীদের পরিচয় প্রকাশ এবং অপরাধে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের মতে, অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের প্রমাণই হোক আইনি পদক্ষেপের ভিত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর