সত্যরেখা ডেস্ক:
দেশীয় শিল্পের বিকাশ এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে নিজেদের উদ্যোগে শিল্প-কারখানা ও প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারও সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আয়োজিত ‘বুটেক্স-আইটিইটি ডাই-ক্যাম এক্সপো ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষকে সমস্যা হিসেবে না দেখে জনশক্তি ও সম্পদ হিসেবে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীকে কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করা গেলে বাংলাদেশ অন্যতম সম্পদশালী দেশে পরিণত হতে পারে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ কাজের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা দেবে। পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারলে ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
তিনি আরও বলেন, নতুন নতুন উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থী ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধ তৈরি করা গেলে দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে।
সরকারের দায়িত্ব সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সরকারে যারা রয়েছেন, তারা জনগণের অর্পিত দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীও দায়িত্বকে ক্ষমতা হিসেবে নয়, বরং জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। বর্তমান সরকার জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের সময়ে অর্থনৈতিক খাতে ব্যাপক সংকট তৈরি হয়েছে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক পরিস্থিতি ও বিভিন্ন যুদ্ধের প্রভাবে বিশ্বের অনেক দেশে বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন খাতে সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৪৮-এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম, বিজিএমইএর সভাপতি ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান খান, আইটিইটি বাংলাদেশের সভাপতি ও মেম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন এবং আইটিইটি বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার এ. এস. এম. হাফিজুর রহমান নিক্সন।