চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১২৭টি মন্দিরে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় এ বছরের দুর্গোৎসব।
এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পাঁচ দিন ধরে ঢাকঢোলের বাদ্য, চণ্ডীপাঠ, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহর নেতৃত্বে সার্বক্ষণিক মনিটরিং ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।