ভূমিসেবাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই সঙ্গে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা এবং সেবাগ্রহীতাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তাঁরা।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়সভায় তাঁরা এসব নির্দেশনা দেন। সভায় প্রকল্পের বর্তমান অগ্রগতি, তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম এবং বাস্তবায়নের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য মো. আতিকুল হক ও মো. কামাল হোসাইন প্রকল্পের কৌশলগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে তুলে ধরেন। তাঁরা জানান, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রান্তিক ভূমিমালিকদের ভূমিসেবার আওতায় আনা এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। তথ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে ভূমি মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা এবং নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রাখবে ইউএনডিপি।
মতবিনিময়সভায় ‘ল্যান্ড ডেটা ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ ফর ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্ট’-এর কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে প্রকল্পের অগ্রগতি এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়।
উপস্থাপনায় জানানো হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত প্রাক্-পরীক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। একই বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলক পর্যায় এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়। এ সময় ঢাকা বিভাগের তিন জেলার ৩২টি উপজেলা বা সার্কেলের ১১২টি ভূমি অফিসে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
প্রকল্পের আওতায় মাঠপর্যায়ের কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসে তথ্যের যথাযথ মানচিত্রায়ণ, ম্যানুয়াল নামজারি খতিয়ানের অনুলিপি সংগ্রহ, হোল্ডিং ও খতিয়ানের তথ্য যাচাই এবং ভুল তথ্য সংশোধনের কাজ চলছে। যাচাই-বাছাই শেষে সঠিক তথ্য ডিজিটাল ব্যবস্থায় সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া ভূমিমালিকদের ব্যক্তিগত ডিজিটাল প্রোফাইল তৈরির সুযোগ সম্প্রসারণে প্রতিটি ইউনিয়নে পাঁচ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প আয়োজনের বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় ভূমিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ইউএনডিপির প্রতিনিধিদের বক্তব্য ও প্রকল্পসংক্রান্ত পর্যবেক্ষণ শোনেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিসেবার ডিজিটাল রূপান্তরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। তথ্য অন্তর্ভুক্তিতে ভুল বা অনিয়ম এড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর ভূমিসেবার সুবিধা যাতে দেশের সব নাগরিক সহজে গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে বলা হয়। একই সঙ্গে প্রকল্পের প্রতিটি ধাপে কাজের মান বজায় রেখে নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।