রাজশাহীতে চেকপোস্টে তল্লাশির সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন সিটিহাট বাইপাস মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, এসআরবি-৫ রাজশাহীর একটি দল সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। পরে বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়।
বাসে থাকা যাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, চেকপোস্টে তল্লাশির খবর পেয়ে এক সন্দেহভাজন যাত্রী বাসটি সেখানে পৌঁছানোর আগেই কৌশলে পালিয়ে যান। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাঁর নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পলাতক ওই যাত্রীর পরিচয় শনাক্তে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
অভিযানে উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, প্রতিষ্ঠার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।