শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘From Entrepreneurial Dreams to Success: Inspiring Journeys and Experiences for Next Generation Entrepreneurs’ শীর্ষক কর্মশালায় শিক্ষার্থীদের সামনে সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন রেফকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান জাহিদুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক সঞ্জয় কুমার দত্ত।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ড. মোঃ ইমরান হোসেন।
আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ এবং সফল উদ্যোগ গড়ে তোলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে শুধু নিজের কর্মসংস্থানই নয়, বরং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।