মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় মাওলানা ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর ফজলুল হক এভিনিউয়ে অবস্থিত বাকশিস কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব ও আইনজীবী নাজিম উদ্দিন আহমেদ পান্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশিদ খান, সিনিয়র আইনজীবী আলী আহমদ, ডা. মিজানুর রহমানসহ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাওলানা ভাসানী ছিলেন শোষিত, বঞ্চিত ও অধিকারহারা মানুষের কণ্ঠস্বর। কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন মাওলানা ভাসানী দেখেছিলেন, তা বাস্তবায়নে তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ আজও প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগ্রামী জীবন ও অবদান তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।