কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনের অভিযোগে দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তসংলগ্ন মিজানের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. জোবায়ের (২০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই এলাকার মো. ওলি হোসেনের ছেলে রহিম মোল্লা (২৮)।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় মিয়ানমার সীমান্তের দিক থেকে হাতে পোটলা নিয়ে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাঁদের থামার সংকেত দেওয়া হলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁদের আটক করেন।
এ সময় আটক ব্যক্তিদের বহন করা তিনটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন ইয়াবা পাওয়া যায়। গণনা শেষে সেখান থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।