সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নূর নবী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে নিজ বাড়ির পাশের একটি খড়ির ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত নূর নবী ওই গ্রামের কেরামত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির উত্তর পাশে ঘরসংলগ্ন খড়ির ঘরের পাইরের সঙ্গে পুরোনো একটি ওড়না পেঁচানো অবস্থায় নূর নবীকে ঝুলতে দেখেন তাঁর ভাতিজি মোছা. তামান্না খাতুন। কুরআন শিক্ষা নিতে মসজিদে যাওয়ার পথে খড়ির ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে এ দৃশ্য তাঁর চোখে পড়ে। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, নূর নবী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তাঁর মানসিক অবস্থার অবনতি হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে পেটের ব্যথায়ও ভুগছিলেন তিনি। স্থানীয়দের দাবি, এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের ধারণা, শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, শুক্রবার সকালে রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে নূর নবী নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।