সিরাজগঞ্জের সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় সলঙ্গা থানা খেলার মাঠে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সলঙ্গা থানার ছয়টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। এতে মাঠটি নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সাদা গেঞ্জি ও লাল টুপি পরিহিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে শোভাযাত্রাটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে এবং সদস্যসচিব শাহিন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
সমাবেশে আরও বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও মারুফ হাসান খোকন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশিদ হিরন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কাবলু মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী যুবদল দীর্ঘ ৪৮ বছর ধরে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও তাঁরা উল্লেখ করেন।
তাঁরা আরও বলেন, গণতন্ত্র ও দেশের উন্নয়নবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও হুমকি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে যুবদল প্রস্তুত রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আগামী দিনেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।