নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে মোঃ রাসেল (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল উপজেলার বামনগ্রাম এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এ সাজা দেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ রুবেল আক্তার। এ সময় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।