চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো–ফুলছড়ি ও পূর্ব সোনাই এলাকায় সড়ক সম্প্রসারণের কাজে কেটে ফেলা হয়েছে প্রায় ১৮০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘চে’গাইয়া বটগাছ’। দীর্ঘদিন ধরে গাছটি স্থানীয় মানুষের স্মৃতি, আবেগ ও এলাকার পরিচিতির অংশ হয়ে ছিল। প্রাচীন এই বৃক্ষ হারিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আক্ষেপ।
বারইয়ারহাট–হেয়াকো–রামগড় সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় সড়কটির প্রশস্ততা ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৮ ফুট করা হচ্ছে। প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি পণ্য পরিবহনে সময় কমবে বলে আশা করা হচ্ছে।
তবে সড়ক সম্প্রসারণের জন্য শতবর্ষী গাছটি কেটে ফেলার ঘটনায় বিকল্প পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের অনেকে। তাঁদের মতে, গাছটির দুই পাশ দিয়ে অথবা পেছনের অংশের জায়গা কাজে লাগিয়ে সড়ক নির্মাণের সম্ভাবনা যাচাই করা হলে হয়তো ঐতিহ্যবাহী গাছটি রক্ষা করা যেত।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদ কমিটি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাছটির পেছনে টিলাপাহাড়ি এলাকা এবং সামনে মসজিদ থাকায় সড়ক সম্প্রসারণের প্রয়োজনে এটি কাটতে হয়েছে।
সড়ক যোগাযোগের উন্নয়ন মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হলেও প্রাচীন বৃক্ষ ও স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বও কম নয়। তাই উন্নয়নকাজে পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় বিকল্প পরিকল্পনা কতটা গুরুত্ব পাচ্ছে, চে’গাইয়া বটগাছ কাটার ঘটনা সেই প্রশ্ন আবারও সামনে এনেছে।