বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিরোনাম:
রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রিন্সিপাল কাপ ফুটবলে চ্যাম্পিয়ন তৃতীয় পর্ব ব্রহ্মগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আব্দুর রাজ্জাক ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ধানগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন আমিনুল ইসলাম উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের, ঘাতক গাড়ি পলাতক সুশিক্ষিত প্রজন্ম গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: ফটিকছড়ি গ্রামার স্কুলের অনুষ্ঠানে বক্তারা মাধাইনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন জহুরুল ইসলাম মহুরী ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে স্থিতাবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালেন হাইকোর্ট দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সচেতনতামূলক সভা

লবণাক্ততার চাপে সুন্দরবন, এক দশকে মারা গেছে অর্ধেকের বেশি চারা

শাওন আকবার শান্ত, মোংলা প্রতিনিধি: / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

লবণাক্ততা বৃদ্ধি ও মিঠাপানির প্রবাহ কমে যাওয়ায় সুন্দরবনের বৃক্ষবৈচিত্র্যে পরিবর্তন দেখা দিচ্ছে। একসময় বনের বিস্তীর্ণ এলাকায় আধিপত্য বিস্তার করা সুন্দরী গাছের বিস্তার কমছে। অন্যদিকে লবণসহিষ্ণু গেওয়া, গরান ও কাঁকড়ার মতো প্রজাতির উপস্থিতি বাড়ছে। এতে সুন্দরবনের স্বাভাবিক পুনর্জন্ম ও পরিবেশগত ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গবেষকদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে সুন্দরবনের ৫২ দশমিক ৮৯ শতাংশ চারা মারা গেছে। তবে ওই সময়ে টিকে থাকা চারাগুলোর বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। গবেষকেরা বলছেন, চারার মৃত্যুহার ও বৃদ্ধির প্রবণতা একসঙ্গে বিবেচনা করলেই বনের পুনর্জন্মের প্রকৃত অবস্থা বোঝা সম্ভব।

 

‘Ecological Influences on Regeneration Dynamics in the Sundarbans, Bangladesh: Exploring Biotic and Abiotic Factors Across Time and Space’ শীর্ষক গবেষণায় সুন্দরবনের বিভিন্ন লবণাক্ততা অঞ্চলে চারা, কিশলয় ও পূর্ণবয়স্ক গাছের অবস্থা বিশ্লেষণ করা হয়। এতে চারার টিকে থাকার ক্ষেত্রে লবণাক্ততাকে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

লবণাক্ততা বাড়লে বাড়ছে চারার মৃত্যুহার

 

গবেষণার তথ্য অনুযায়ী, কম লবণাক্ত এলাকায় চারার মৃত্যুহার ছিল ৩ দশমিক ৩৩ শতাংশ। মাঝারি লবণাক্ত এলাকায় এ হার বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৬৫ শতাংশে। আর উচ্চ লবণাক্ত এলাকায় মৃত্যুহার ৮২ দশমিক ৮৪ শতাংশে পৌঁছায়।

 

প্রজাতিভেদেও চারার মৃত্যুহারে পার্থক্য দেখা গেছে। গরান চারার মৃত্যুহার ছিল ২২ দশমিক ৬৩ শতাংশ এবং সুন্দরীর ১৯ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে কাঁকড়া ও গেওয়া চারার মৃত্যুহার ছিল যথাক্রমে ৪ দশমিক ১২ ও ১ দশমিক ৯ শতাংশ।

 

তবে টিকে থাকা চারাগুলোর বৃদ্ধির হার ছিল আশাব্যঞ্জক। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এসব চারার বৃদ্ধি ছিল ২৩০ দশমিক ৩১ শতাংশ। একই সময়ে কম লবণাক্ত এলাকায় কিশলয়ের বৃদ্ধি ছিল ৩০১ দশমিক ১ শতাংশ। মাঝারি লবণাক্ত এলাকায় এ হার ৯৬ দশমিক ৩৯ শতাংশ এবং উচ্চ লবণাক্ত এলাকায় ২৩২ শতাংশ।

 

চাঁদপাইয়ে কমেছে সুন্দরী-গেওয়াপ্রধান এলাকার বিস্তার

 

সুন্দরবনের বৃক্ষবৈচিত্র্যের পরিবর্তন নিয়ে আরেকটি গবেষণায় খুলনা রেঞ্জের চাঁদপাই এলাকায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের চিত্র উঠে এসেছে। ‘Detection of Kankra Tree Expansion in the Northern Sundarbans’ শীর্ষক গবেষণায় ১৯৮৮ থেকে ২০২২ সাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গাছের বিস্তারের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়।

 

গবেষণার তথ্য অনুযায়ী, ১৯৮৮ সালে চাঁদপাই রেঞ্জে সুন্দরী ও গেওয়াপ্রধান এলাকার আয়তন ছিল ১৭ হাজার ৩২ হেক্টর। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ১২ হাজার ২২ হেক্টরে। বিপরীতে ঘন কাঁকড়াগাছের বিস্তৃত এলাকা ১২১ হেক্টর থেকে বেড়ে ২ হাজার ১৬ হেক্টরে পৌঁছায়।

 

উচ্চ ঘনত্বের এলাকায় কাঁকড়ার অংশ ১৯৮৮ সালের শূন্য দশমিক ৪৪ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৭ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। মাঝারি ঘনত্বের এলাকায় এ হার ১ দশমিক ৯৭ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। এ শ্রেণিতে কাঁকড়াপ্রধান এলাকার আয়তন ৫৩৯ হেক্টর থেকে বেড়ে ৩ হাজার ৪১৮ হেক্টর হয়েছে।

 

তবে গবেষকেরা সতর্ক করেছেন, চাঁদপাই রেঞ্জের এই ফলাফল দিয়ে পুরো সুন্দরবনের বৃক্ষবৈচিত্র্যের পরিবর্তন নির্ধারণ করা যাবে না। প্রায় ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের মধ্যে চাঁদপাই রেঞ্জের আয়তন ২৭২ বর্গকিলোমিটার। তাই বৃহত্তর সুন্দরবনের অবস্থা বুঝতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

 

মিঠাপানির প্রবাহ কমায় বিপাকে সুন্দরী

 

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা মোমিনুল ইসলাম নাহিদের মতে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় গেওয়ার উপস্থিতি বেড়েছে। লবণাক্ত এলাকায় গরান ও গেওয়ার আধিক্য তুলনামূলক বেশি হলেও কম লবণাক্ত এলাকায় সুন্দরী এখনো প্রধান প্রজাতি হিসেবে রয়েছে।

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মিঠাপানির প্রবাহ কমে যাওয়ার কারণে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছের টিকে থাকার পরিবেশ বদলে যাচ্ছে। উজান থেকে পর্যাপ্ত মিঠাপানি না এলে লবণাক্ত পানি বনের আরও গভীরে প্রবেশ করতে পারে।

 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক কামরুজ্জামান বলেন, স্যাটেলাইটের তথ্যেও কাঁকড়ার বিস্তার বৃদ্ধি এবং সুন্দরীর দীর্ঘমেয়াদি পতনের চিত্র পাওয়া গেছে। সুন্দরী গাছের আগা শুকিয়ে যাওয়ার রোগও এ প্রজাতির ক্ষতির অন্যতম কারণ। মিঠাপানির প্রবাহ কমে যাওয়া, ছত্রাকের আক্রমণ এবং পরিবেশগত পরিবর্তন সুন্দরীর সংকট বাড়াতে পারে।

 

প্রাকৃতিক সংকটের সঙ্গে বাড়ছে মানবসৃষ্ট চাপ

 

বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলামের মতে, প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই সুন্দরবনের লবণাক্ততা বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উজানে বাঁধ ও ব্যারাজের মাধ্যমে পানি প্রত্যাহার এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় মিঠাপানির সরবরাহ কমছে।

 

এর ফলে মিঠাপানিনির্ভর উদ্ভিদ প্রজাতির টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে। পাশাপাশি তেলবাহী ট্যাংকার ও কয়লাবাহী জাহাজডুবির মতো দুর্ঘটনাও সুন্দরবনের পরিবেশের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

 

সংশ্লিষ্ট গবেষণা ও বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে, সুন্দরবনের বৃক্ষবৈচিত্র্য রক্ষায় মিঠাপানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, লবণাক্ততার পরিবর্তন পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রজাতির পুনর্জন্মের ধারাবাহিক গবেষণা জরুরি। অন্যথায় সুন্দরীসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ গাছের বিস্তার আরও সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর