নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে বরিশালে শুরু হয়েছে বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (২৫ অক্টোবর) এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জেলা পর্যায়ে বিজয়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্ম সচিব মো. আহসান হাবিব।
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার উদ্দেশ্য শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তোলা, সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সুপ্ত মেধা প্রকাশের সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা জানানো হয়।