সিরাজগঞ্জের তাড়াশে ভাদাস মহল্লার একটি কবরস্থানের উন্নয়নকাজের জন্য কেনা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার ভাদাস মহল্লার শতবর্ষী কবরস্থানে এ চুরি হয়।
কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও ব্যাংকার মোহা. আবু তোহা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কবরস্থানের মতো স্থানের উন্নয়নকাজে ব্যবহারের জন্য কেনা বৈদ্যুতিক তার চুরি হয়ে যাওয়ার ঘটনায় তাঁরা হতবাক। এ ধরনের ঘটনা ঘটতে পারে, তা তাঁরা ভাবেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর সদরের প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত শতবর্ষী ভাদাস কবরস্থানটি কয়েক বিঘা জমির ওপর বিস্তৃত। আশপাশের তিন থেকে চারটি গ্রামের মৃত ব্যক্তিদের এখানে দাফন করা হয়।
কবরস্থানটির প্রাচীর নির্মাণ, আলোকসজ্জাসহ বিভিন্ন উন্নয়নকাজের জন্য পরিচালনা কমিটি কয়েক দিন আগে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে বৈদ্যুতিক তার কেনে। তারগুলো কবরস্থানের এক পাশে রাখা ছিল। শনিবার দিবাগত রাতে কোনো এক সময় সেগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শাহ আলম মোল্লা বলেন, চুরির বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোহা. আবু তোহা জানান, অফিস ছুটির পর থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়া হবে।