চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৫৬ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ এবং ৪৬০ পিস নেশাজাতীয় ইনজেকশন। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।
শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। সীমান্তের ১৮২/৭-এস পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপচকপাড়া গ্রামের পাকা সড়কে মালিকবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়। জব্দ করা ইনজেকশনগুলো ভারতীয় নেশাজাতীয় ‘Buprenorphine 2 ml’ বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।