কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা ও এক স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও টেকনাফ থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে গ্রেপ্তার হন ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) ও তৌহিদ (২২)।
অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাদিমুড়া এপিবিএন ক্যাম্প ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের এ/৩ ব্লকের একটি বাড়ি থেকে ছোনা মেহের ও জামাল হোছাইনকে গ্রেপ্তার করা হয়। পরে জাদিমুড়া বাজারসংলগ্ন সি/২ ব্লকে অভিযান চালিয়ে তৌহিদকে গ্রেপ্তার করে দলটি।
সংশ্লিষ্ট মামলার নথি অনুযায়ী, ছোনা মেহের ও জামাল হোছাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। অন্যদিকে, তৌহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-সংক্রান্ত মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর রাত সাড়ে ১১টার দিকে তাঁদের টেকনাফ থানার এএসআই কবিরের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় নেওয়া হয়েছে বলে অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।