কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৫-এর আলীখালী এলাকা থেকে ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সুমন মুন্সি (৩২), মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)। তাঁদের মধ্যে সুমন মুন্সি সাবেক সেনা ও র্যাব সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ‘আব্দুল্লাহ এন্টারপ্রাইজ’ থেকে অপহরণের শিকার হন হাসান। অভিযোগ রয়েছে, কালো পোশাক পরা ও মুখোশধারী চার ব্যক্তি নিজেদের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য পরিচয় দিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়।
অপহরণের পর ভুক্তভোগীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনের কাছে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হাসানকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, অপহরণের পর হাসানকে টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হয়। ঘটনার খবর পেয়ে তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে বুধবার সকালে আলীখালী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ২৭, দায়েরের তারিখ ১৯ অক্টোবর ২০২৬। উদ্ধারের পর বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ব্যবসায়ী হাসানকে বাঁশখালী থানায় নেওয়া হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “আল্লাহর অশেষ রহমতে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাঁদের গণমাধ্যমের সামনে হাজির করা হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর অপহরণের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা এবং ঘটনার বিস্তারিত সম্পর্কে আরও তথ্য জানা যাবে।