চট্টগ্রামের ফটিকছড়িতে বিনা অনুমতিতে টিলা কেটে মাটি উত্তোলনের দায়ে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার মুচলেকা নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে ইরতিসাম কালাম ইরসাল (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম এটিএম শওকত হোসেন।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটার মুচলেকা নেওয়া হয়।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ফটিকছড়ি থানা-পুলিশ সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।