কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তাড়াইলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) তাড়াইল উপজেলা যুবদলের উদ্যোগে স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে খসরুজ্জামান জিএস শরীফের আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, খসরুজ্জামান জিএস শরীফ কিশোরগঞ্জ জেলা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতায় জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা উদ্বিগ্ন। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পুনরায় রাজনীতির মাঠে সক্রিয়ভাবে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা যুবদলের আহ্বায়ক সৈকত হোসেন বিপ্লব, সদস্যসচিব জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিকুর রহমান অপু, সদস্যসচিব জাহাঙ্গীর হাসান ভূঁইয়া রাকিবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
মাহফিল শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।