সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে রাসায়নিক সার মজুদ করার অভিযোগে সরকার ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির গোডাউন থেকে ৭৫ বস্তা সার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে অবস্থিত সরকার ট্রেডার্সের গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় মামলার প্রসিকিউশন দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোডাউন থেকে উদ্ধার করা ৭৫ বস্তা সারের মধ্যে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি সার ছিল। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে উদ্ধার করা সার তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, বালাইনাশক বিক্রির আড়ালে আইয়ুর আলী দীর্ঘদিন ধরে রাসায়নিক সার বিক্রি ও মজুদ করে আসছিলেন। কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।