চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৩ বোতল নেশাজাতীয় কোডিনযুক্ত ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলার চামুচা গ্রামে এ অভিযান চালায় ৫৯ বিজিবির অধীন ভোলাহাট বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ১৯৬/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবসমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।