সিরাজগঞ্জের তাড়াশে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে মো. জলিল নামে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার মহিষলুটি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মহিষলুটি বাজারে ডিলার মো. জলিলের দোকানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ পরিশোধ করা হলে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বিক্রিতে অনিয়ম ও কৃত্রিম সংকট প্রতিরোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃষকদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।