চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ জনে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন তিনজন।
শুক্রবার (১৬ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৭ জন নারী। তাঁদের মধ্যে ৩৫ জন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, তিনজন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ সময়ে শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি। বেসরকারি হাসপাতালে রোগী ভর্তির কোনো তথ্যও পাওয়া যায়নি।
বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৫৩ জন নারী।
হাসপাতালভিত্তিক তথ্যে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ৭৭ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, শিবগঞ্জে আটজন, ভোলাহাটে সাতজন এবং নাচোলে পাঁচজন চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৪৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে একজনকে। তবে এ সময়ে জেলায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।