সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার নিমগাছি এলাকায় জলাবদ্ধতার কারণে উচ্চ ফলনশীল তিন ফসলি প্রায় ৩ হাজার বিঘা কৃষিজমি বছরের পর বছর অনাবাদি পড়ে রয়েছে। অপরিকল্পিত পুকুর খনন, প্রাকৃতিক খাল ও জলপ্রবাহের পথ ভরাট, অপর্যাপ্ত সেতু-কালভার্ট এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা, বিশেষ করে প্রান্তিক চাষিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় নিমগাছি এলাকার বিস্তীর্ণ মাঠে ধান, পাট, সরিষা ও কালাইসহ বিভিন্ন ফসলের নিবিড় চাষ হতো। কিন্তু গত এক দশকে এলাকায় ইটভাটা গড়ে ওঠা এবং মাটির ব্যবসা সম্প্রসারিত হওয়ার পর কৃষিজমির উপরিভাগের মাটি কাটা ও পুকুর খননের প্রবণতা বেড়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে প্রাকৃতিক জলনিষ্কাশন পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষার পানি মাঠ থেকে বের হতে পারছে না।
গোপালপুর, শ্রীরামপুর, রাজাপুর, গোপীনাথপুর, দাদপুর, কলিয়া, সোনাখাড়া, মালতিনগর ও রূপাখাড়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের নিচু জমিতে দীর্ঘদিন ধরে পানি জমে থাকছে। কোথাও কোথাও জমিতে কচুরিপানা জন্মেছে। ফলে সময়মতো চাষাবাদ করা সম্ভব হচ্ছে না। কৃষকেরা বলছেন, বছরের পর বছর জমি পানির নিচে পড়ে থাকায় তাঁদের উৎপাদন ও আয় দুটোই কমে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মালতিনগর ও দাদপুর বিলসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে পুকুর খনন এবং পুকুরের পাড় নির্মাণের ফলে পানি চলাচলের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝাউল, মালতিনগর, আমশড়া, সোনাখাড়া, রূপাখাড়া, পশ্চিম আটঘরিয়া ও কলিয়াসহ বিভিন্ন এলাকার প্রাকৃতিক নালা ভরাট করে বাড়িঘর, খামার ও ছোট শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত সেতু ও কালভার্ট না রাখা, বিদ্যমান কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়া এবং পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকাও জলাবদ্ধতা বাড়ার অন্যতম কারণ। ফলে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে কৃষিজমিতে আটকে থাকছে।
একসময় এ অঞ্চলের পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত মরা করতোয়া। বগুড়ার মহাস্থানগড়ের উত্তর দিক থেকে আসা এ জলধারা দিয়ে বর্ষার পানি বিভিন্ন নিচু জমি ও প্রাকৃতিক নালা হয়ে প্রবাহিত হতো বলে স্থানীয় প্রবীণদের ভাষ্য। তবে বর্তমানে জলধারাটির বিভিন্ন অংশ দখল ও ভরাটের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে পানি প্রবাহের স্বাভাবিক ব্যবস্থা আরও বাধাগ্রস্ত হয়েছে।
এ ছাড়া মালতিনগরের আমতলা হয়ে ঝাউলের নদীতে যুক্ত হওয়া প্রাকৃতিক খালটি একসময় সোনাখাড়া, শ্রীরামপুর ও বাসাইলের ডাঙ্গাসহ বিভিন্ন এলাকার পানি বহন করত। স্থানীয়দের অভিযোগ, খালটির বিভিন্ন অংশে মাটি ভরাট, পুকুরের পাড় নির্মাণ ও স্থাপনা গড়ে ওঠায় এর পানি ধারণ ও প্রবাহের সক্ষমতা কমে গেছে।
স্থানীয়দের মতে, জলাবদ্ধতার কারণে বড় জমির মালিকদের কেউ কেউ পুকুরে মাছ চাষ করে বিকল্প আয় করছেন। কিন্তু যেসব কৃষকের বিকল্প আয়ের ব্যবস্থা নেই, তাঁদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। জমিতে ফসল ফলাতে না পারায় অনেক কৃষক আর্থিক সংকটে পড়ছেন।
সমাধানে খাল খনন ও ভূগর্ভস্থ ড্রেন নির্মাণের প্রস্তাব
জলাবদ্ধতা নিরসনে স্থানীয়ভাবে একাধিক প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে রয়েছে দাদপুর বিল থেকে মালতিনগর বিল ও বেতুয়ার বিলের মধ্য দিয়ে ঝাউলের নদী পর্যন্ত খাল খনন। আরেকটি প্রস্তাবে শ্যামেরঘোন থেকে আমশড়া হয়ে মরা করতোয়ার সঙ্গে সংযোগ স্থাপনের কথা বলা হয়েছে।
এ ছাড়া গোপালপুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশ থেকে গোপালপুর-কলিয়া সড়কসংলগ্ন এলাকা হয়ে পশ্চিম আটঘরিয়ার মরা করতোয়া পর্যন্ত বিকল্প খাল খননের প্রস্তাব রয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ বা ব্যবহারের প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে জমির মালিকদের সঙ্গে আলোচনা এবং ন্যায্য ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বিকল্প হিসেবে দাদপুর বিল থেকে গোপালপুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশ হয়ে মরা করতোয়া পর্যন্ত ভূগর্ভস্থ পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে আবেদন-নিবেদন হয়েছে এবং সংশ্লিষ্ট পর্যায়ে পরিদর্শন ও পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রকল্পটির বর্তমান অগ্রগতি ও বাস্তবায়নের সময়সীমা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমন তালুকদার জলাবদ্ধতাকবলিত এলাকা পরিদর্শন করে মালতিনগর বিলের মধ্য দিয়ে খাল খননের নকশা করেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর মেয়াদ শেষ হওয়ায় পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি।
পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব
স্থানীয়দের মতে, শুধু খাল খনন বা ভূগর্ভস্থ ড্রেন নির্মাণ করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। পানি নিষ্কাশনের পথ সচল রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় সংস্কার এবং অবৈধ দখল রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামোও একসময় অকার্যকর হয়ে পড়তে পারে।
এলাকাবাসী আরও মনে করেন, অপরিকল্পিত পুকুর খনন ও প্রাকৃতিক জলধারা ভরাটের বিষয়ে বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ জরুরি। পাশাপাশি কৃষিজমি রক্ষা, পানি প্রবাহের পথ পুনরুদ্ধার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
স্থানীয় কৃষকদের প্রত্যাশা, নিমগাছি এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। পরিকল্পিত খাল খনন, ভূগর্ভস্থ ড্রেন নির্মাণ এবং প্রাকৃতিক পানি নিষ্কাশনব্যবস্থা পুনরুদ্ধার করা গেলে কয়েক হাজার বিঘা জমি আবারও চাষাবাদের আওতায় আসবে। এতে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি বহু কৃষক পরিবারের জীবিকাও সুরক্ষিত হবে।