রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। এতে সড়কটির এক পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর প্রভাবে আশপাশের সড়কেও তীব্র যানজট দেখা দেয়।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ে সংসার চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনের খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এ পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
শ্রমিকেরা বলেন, ‘আমাদের দাবি একটাই—নিত্যপণ্যের দাম কমাতে হবে, নয়তো মজুরি বাড়াতে হবে। বর্তমান বেতনে সংসারের খরচ চালানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই আমরা রাজপথে নেমেছি।’
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। দীর্ঘ যানজটে আটকে পড়ছে বিভিন্ন গন্তব্যের যানবাহন, ভোগান্তি বাড়ছে কর্মজীবী মানুষের।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে অবরোধ প্রত্যাহার এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।