সত্যরেখা ডেস্ক:
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯০ জন রয়েছেন। এ ছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) ১১ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।