কন্যা শিশুরা সমাজের বোঝা নয়, বরং দেশের মূল্যবান সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।
‘শিশু বিয়ে আর নয়—কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে তাড়াইল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ও শিক্ষক, এনজিওকর্মী, রাজনৈতিক নেতাকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও তানজিলা আখতার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ কন্যা শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যতের পথে অন্যতম বাধা। এ সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কন্যা শিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান অপু, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম বাকী, রাউতি ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলোয়ারা খানম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শৈবাল কুমার পাল দিপু।
এ ছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।