সত্যরেখা ডেস্ক:
মুন্সীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারিত মূল্য থাকলেও বাজারে একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এতে রান্নার জ্বালানি কিনতে গিয়ে বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ শহরের বড় বাজার, রামসিং, সুখবাসপুর, পঞ্চসার, উত্তর ইসলামপুর ও রিকাবীবাজারসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ উঠেছে। ক্রেতাদের অভিযোগ, কোথাও কোথাও গুদামে গ্যাস মজুত থাকার পরও সংকটের কথা বলে বেশি দামে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, শুক্রবার তাকে একটি গ্যাস সিলিন্ডার কিনতে ২ হাজার ৩৫০ টাকা দিতে হয়েছে। তিনি বলেন, “সরকারি দাম ১ হাজার ৮৩৭ টাকা হলেও সেই দামে গ্যাস পাচ্ছি না।”
এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। তাঁদের দাবি, বাজারে নিয়মিত অভিযান ও তদারকি বাড়ানোর পাশাপাশি প্রতিটি বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে বিক্রির রসিদ নিশ্চিত করা এবং নির্ধারিত দামের বেশি নেওয়ার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “সরকার যেহেতু নির্দেশনা দিয়েছেন, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আমরাও কাজ করছি।”
সংশ্লিষ্টদের কার্যকর তদারকির মাধ্যমে এলপিজি সিলিন্ডার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশা স্থানীয় ভোক্তাদের।