সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজা উপলক্ষে আয়োজিত এ পরিদর্শনে শ্রমিকদলের নেতাকর্মীরা স্থানীয় পূজামণ্ডপে গিয়ে পূজারী ও মণ্ডপসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিনিয়র সহসভাপতি ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু মলিন চন্দ্র মাহাতো, আব্দুস সালাম, আবুল কালাম, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মো. বাসির উদ্দিন, অর্জুন চন্দ্র মাহাতোসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় শ্রমিকদলের নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন।
মণ্ডপ পরিদর্শনের সময় নেতাকর্মীরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন এবং স্থানীয় পুণ্যার্থী ও মণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদ্যাপনের মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।