রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ভবনটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে অসুস্থ হয়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে ১০টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পুরান ঢাকার সরু সড়ক এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডে মার্কেটটির ছয়তলায় থাকা মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন ফায়ার সার্ভিসের দুই সদস্য।
এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে ওই মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।