সত্যরেখা ডেস্ক:
পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির সদস্যসচিব মো. ইলিয়াস হোসাইন শেখ।
প্রেস কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচির তথ্য সংগ্রহ, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা বলেন, পরিবারভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করা প্রয়োজন। এতে কর্মসূচির লক্ষ্য অর্জন ও বাস্তবায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নয়টি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।