সত্যরেখা ডেস্ক:
কৃষিতে নারীর অবদান বাড়লেও ভূমির মালিকানা, কৃষক হিসেবে স্বীকৃতি এবং সমকাজে সমমজুরি নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এসব বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর নীতিমালা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন জরুরি বলে মনে করছেন নাগরিক নেতৃবৃন্দ।
রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
‘ভূমি ও কৃষিতে নারী কৃষকের অধিকার এবং খাদ্য নিরাপত্তা: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারটির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) চেয়ারপারসন খুশী কবির।
সেমিনারে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য আন্না মিনজ, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশের পরিচালক সুরাইয়া বেগম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিম উদ্দীন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন এবং এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি।
মূল প্রবন্ধে রওশন জাহান মনি বলেন, দেশে খাদ্য উৎপাদন বাড়লেও সবার জন্য স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাসহ পাঁচটি সংস্থার যৌথ প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান, বাংলাদেশের প্রায় ৩৮ দশমিক ৬ শতাংশ মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্যের মূল্য, প্রাপ্যতা ও সুষম বণ্টনের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের গ্রামীণ কৃষিশ্রমশক্তির প্রায় ৫৮ শতাংশ নারী হলেও কার্যকর ভূমি মালিকানায় তাদের অংশ মাত্র ৪ থেকে ৫ শতাংশ। উত্তরাধিকারসূত্রে জমি না পাওয়া এবং ভূমির মালিকানা না থাকায় অনেক নারী কৃষিঋণ, প্রশিক্ষণ, কৃষি কার্ড, ভর্তুকি ও সরকারি প্রণোদনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
আলোচনায় সংসদ সদস্য আন্না মিনজ বলেন, পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা এখনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও নারীরা তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষিতে নারীদের উল্লেখযোগ্য অবদান থাকলেও তাদের যথাযথভাবে কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। তাদের শ্রমের বড় একটি অংশের আর্থিক মূল্যায়নও হচ্ছে না। এসব সমস্যা সমাধানে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সভাপতির বক্তব্যে খুশী কবির বলেন, কৃষি উৎপাদন থেকে শুরু করে পণ্য বিপণন পর্যন্ত নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদানকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
তিনি বলেন, নারীর ভূমি অধিকার নিশ্চিত করতে খাসজমি বিতরণ কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান নীতিমালায় পরিবর্তনের প্রয়োজন হলে তা করতে হবে। একই সঙ্গে কৃষকদের কাছে উন্নত বীজ ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।
সেমিনারে নারী কৃষকদের সরকারি সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা, কৃষি কার্ডে তাদের নাম নিশ্চিত করা এবং খাসজমি বন্দোবস্তে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি সহজ শর্তে কৃষিঋণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য, কৃষিবিমা ও সমমজুরি নিশ্চিত করার সুপারিশ করা হয়।
এ ছাড়া নারীবান্ধব কৃষিপ্রযুক্তির সম্প্রসারণ, স্থানীয় বাজারে সরাসরি কৃষিপণ্য বিক্রির সুযোগ সৃষ্টি এবং কৃষি ও স্থানীয় সরকারবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী কৃষকদের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে কৃষিতে নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।