চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাথমিক ও গণশিক্ষা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনটির একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এসব ঘটনার গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এনজিও গাকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের পক্ষ থেকে স্কুল ফিডিংয়ের খাবারের মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।