সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু শিক্ষাপ্রতিষ্ঠান তুলনামূলক ভালো ফলাফল করলেও কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ছিল বেশ হতাশাজনক।
আলিম পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোর মধ্যে এগিয়ে রয়েছে সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা। অন্যদিকে, কলেজ পর্যায়ে তুলনামূলক ভালো ফলাফল করেছে দাদপুর জি.আর ডিগ্রি কলেজ।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছেন দুজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৫ শতাংশ। এ ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা কে.এম. আব্দুল মজিদ বলেন, প্রত্যাশা অনুযায়ী ফলাফল আরও ভালো হওয়ার কথা ছিল। ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়ন এবং ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
তবে একই এলাকার আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে এবার কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। আঙ্গারু পাঁচপীর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৯ জনের মধ্যে ৪ জন, মুরাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৩ জন এবং গোলকপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মাত্র একজন পরীক্ষার্থী পাস করেছেন।
কলেজ পর্যায়ের ফলাফলেও রয়েছে ওঠানামা। দাদপুর জি.আর ডিগ্রি কলেজ থেকে ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩২ দশমিক ৭৩ শতাংশ।
এদিকে, সলঙ্গা অনার্স ডিগ্রি কলেজে ৩৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৯ জন। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন। পাসের হার ২১ দশমিক ৬৪ শতাংশ।
অন্যদিকে, ফুলজোড় ডিগ্রি কলেজে ২৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৩ দশমিক ২৭ শতাংশ। সলঙ্গা মহিলা কলেজে ৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬ জন। পাসের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।
সামগ্রিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আলিম পরীক্ষায় সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং এইচএসসি পরীক্ষায় দাদপুর জি.আর ডিগ্রি কলেজ তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। তবে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কম পাসের হার স্থানীয় শিক্ষাঙ্গনে শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এনেছে।