কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. হাসমাতুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে উখিয়ার পালংখালী সীমান্তের ফারিরবিল এলাকায় ৬৪ বিজিবির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখেন টহলরত সদস্যরা। তাঁর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।
পরে তাঁর সঙ্গে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচটি কার্টন পাওয়া যায়। কার্টনগুলো খুলে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি উখিয়ার ১২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।