চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৮ ও ২৯ অক্টোবর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ আজমতপুর ও সোনামসজিদ বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আজমতপুর বিওপির নায়েক মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮১/৭-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।
অন্যদিকে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগান থেকে ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ মো. মুরছালিন (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের ছানাউলের ছেলে।
বিজিবি জানায়, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্তে মাদক চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।