মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারসংলগ্ন নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই প্রতিষ্ঠানের আটজন কর্মী একসঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীর পানিতে দুজন তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেলের খোঁজ পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি আরও জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। তাঁদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চালানো হবে।