কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি ডাম্পারসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের হলদিয়াপালং বিটের পশ্চিম হলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবু তাহের শিকদারের বাড়ির কাছ থেকে পাহাড়ি মাটিভর্তি একটি ডাম্পার জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় এক ব্যক্তিকে।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, পাহাড়ি মাটিভর্তি ডাম্পারসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বন রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে অভিযানে হলদিয়াপালং বিট কর্মকর্তা ইমদাদুল হাসানসহ বন বিভাগের অন্য কর্মীরা অংশ নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পাহাড় কাটা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। পাহাড় রক্ষায় অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা প্রয়োজন।