চট্টগ্রামের ফটিকছড়িতে অনুমতি ছাড়া টিলা কাটার অভিযোগে অভিযান চালিয়ে দুটি মিনি ট্রাক আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টা থেকে রাত ৩টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার নানুপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেয় উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, নানুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুমোদন ছাড়াই টিলা শ্রেণির জমি কাটার সময় দুটি মিনি ট্রাক আটক করা হয়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়-টিলা ধ্বংসেরোধে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।