সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের ৬০ থেকে ৬৫টি সিমেন্টের খুঁটি ও কাটা তার ব্যক্তিগত বাড়িতে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানার বিরুদ্ধে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ২৫ অক্টোবরের এক চিঠিতে জানানো হয়েছে, সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের কার্যালয়ে এ বিষয়ে তদন্ত শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার একটি ট্রাকে করে খুঁটি ও কাটা তার গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটকান। পরে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মালামালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে রাখেন।
ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে সরকারি সম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে মো. মাসুদ রানা দাবি করেন, খুঁটি ও কাটা তার নিজের অর্থে তৈরি করেছেন তিনি। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
তদন্ত শেষে খুঁটি ও তারগুলো সরকারি সম্পদ, নাকি ব্যক্তিগত অর্থে তৈরি—তা নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।