প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয় দিয়ে সরকারি সুবিধা ও রাজনৈতিক পদ পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণার অভিযোগে নাটোরে আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গ্রেপ্তার আবু হুরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া থানা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে নিজেকে পরিচয় দিতেন। এ পরিচয়ের সূত্র ধরে প্রভাবশালী ব্যক্তি ও সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন তিনি। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদ-পদবি ও মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা এবং অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের সাহায্যে অর্থ লেনদেন করতেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, আবু হুরায়রা বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। প্রতারণার অভিযোগে তাঁকে সেখান থেকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রতারণার বিষয়ে তথ্য পাওয়ার পর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।