আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। এতে ১৫ নম্বর ওয়ার্ড ডায়নামাইট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
‘আসুন আত্মহত্যা থেকে দূরে থাকি, সুন্দর জীবনের পথে চলি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের রবীন্দ্রমঞ্চের সামনে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস চতুর্থবারের মতো এ আয়োজন করে। এতে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ খেলোয়াড়দের ছয়টি দল অংশ নেয়।
টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ১৫ নম্বর ওয়ার্ড ডায়নামাইট ও ২২ নম্বর ওয়ার্ড ব্লু ফাইটার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৮ ওভারে ৮৮ রান সংগ্রহ করে ডায়নামাইট দল। জবাবে ৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭৬ রানেই থেমে যায় ব্লু ফাইটার্স। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডায়নামাইট দল। ফাইনালে ৩২ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাহাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব আফরোজা খানম নাসরিন।
আয়োজক সংগঠন লাভ ফর ফ্রেন্ডসের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক চিন্তায় উদ্বুদ্ধ করা এবং জীবনকে ভালোবাসতে অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথি বলেন, “আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়; খেলাধুলা, বন্ধুত্ব ও ইতিবাচক মনোভাবই পারে জীবনের সংকট জয় করতে।”
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ক্রীড়াপ্রেমীরা আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।