শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় থাকা ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা তদারকির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু। তিনি পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটির সদস্যসহ হিন্দু সম্প্রদায়ের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।
বিজিবি সূত্রে জানা গেছে, মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শিবগঞ্জ উপজেলায় ১০টি এবং ভোলাহাট উপজেলায় দুটি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও একটি পূজামণ্ডপ। সব মিলিয়ে মোট ১৩টি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মহানন্দা ব্যাটালিয়ন নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে। দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপন করতে হবে। একটি শান্তিপূর্ণ ও আনন্দঘন দুর্গোৎসব নিশ্চিত করতে মহানন্দা ব্যাটালিয়ন সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দময় করে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।