কক্সবাজারের টেকনাফে ১২ বছর বয়সী এক অপহৃত মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে অপহরণ মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাহিনীটি।
রোববার (১৮ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়া থানায় গত ১৪ অক্টোবর দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্রকে উদ্ধারে অনুসন্ধান শুরু করে এসআরবি-১৫। এরই ধারাবাহিকতায় গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বাহিনীর সিপিসি-২ (হোয়াইক্যং)-এর একটি দল।
এ সময় সাইমুল ইসলাম সিফাত (১২) নামের ওই শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন (৩৫) ও ফরিদ আলম (২৮) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেপ্তার জাকির হোসেন টেকনাফের কচ্ছপিয়া এলাকার বাসিন্দা। ফরিদ আলম একই উপজেলার পানখালী এলাকার বাসিন্দা।
এদিকে, পৃথক অভিযানে গত ১৭ অক্টোবর বিকেল ৫টা ৫০ মিনিটে উখিয়া থানার আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৬ এলাকায় অভিযান চালিয়ে সামছুল হক ওরফে বেলাল (২৬) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি অপহরণ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে এসআরবি-১৫।
গ্রেপ্তার সামছুল হক ক্যাম্প-১৬-এর এ/৪ ব্লকের বাসিন্দা। তাঁর এফসিএন নম্বর ২৩৯৪৩৮।
এসআরবি-১৫ আরও জানায়, উদ্ধার হওয়া মাদ্রাসাছাত্র, অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দুজন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।