মানবিক সহায়তার অংশ হিসেবে বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ ও বিভিন্ন শিক্ষা এবং ব্যবহার্য সামগ্রী তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাভ ফর ফ্রেন্ডস’। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের দৈনন্দিন প্রয়োজন পূরণে সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেয় সংগঠনটি।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল নগরীর আমানতগঞ্জের পীর সাহেব রোডে অবস্থিত মাওলানা ইয়াছিন রহমাতুল্লাহ হিফজুল কুরআন মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ইয়াতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়ার পাশাপাশি কলম, টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, চকলেট ও টিস্যুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘লাভ ফর ফ্রেন্ডস’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ও সংগঠনের সক্রিয় সদস্য মিরাজুল ইসলাম।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে ‘লাভ ফর ফ্রেন্ডস’। এরই ধারাবাহিকতায় ইয়াতিম শিক্ষার্থীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের কার্যক্রম শিশুদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় শিক্ষা ও ব্যবহার্য সামগ্রী পেতে সহায়তা করবে। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অন্যদেরও উৎসাহিত করবে এ উদ্যোগ।